রোববার, ২৬ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

তরুণদের অশালীন মন্তব্য ও ভাইরাল প্রবণতা নিয়ে উদ্বেগ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান তরুণ প্রজন্ম, এমনকি ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক ও মন্ত্রীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করতে দ্বিধা করছে না। একই সঙ্গে তিনি বলেন, অনেক শিক্ষার্থী এখন ভাইরাল হওয়ার প্রবণতায় যুক্ত হয়েছে।রোববার (২৬ এপ্রিল) বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ কর্মশালা-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্মশালাটি আয়োজন করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে অনেকেই ফেসবুক লাইভে এসে অপ্রাসঙ্গিক ও অযাচিত মন্তব্য করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেক সময় উদ্দেশ্যহীনভাবে ভাইরাল হয়। এতে একটি নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, যেখানে অনেকে শুধু ভাইরাল হওয়ার জন্যই এসব আচরণ করছে।তিনি আরও বলেন, “এ অবস্থায় আমাদের তরুণ প্রজন্ম নিয়ে উদ্বেগ বাড়ছে। শিক্ষার্থী, এমনকি ইউনিফর্ম পরিহিতরাও শিক্ষক বা মন্ত্রীদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করতে দ্বিধা করছে না। প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের তরুণ প্রজন্মকে কোন পথে নিয়ে যাচ্ছি?”তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের জনসংখ্যাগত সুবিধা বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ভবিষ্যৎ শক্তি হিসেবে কাজ করার কথা থাকলেও তা সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না কি না, তা নিয়ে ভাবার সময় এসেছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মেধাস্বত্ব ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে। অনেক ক্ষেত্রে দেশের উদ্ভাবন ও মেধাস্বত্ব বিদেশে রেজিস্ট্রেশন ও স্বীকৃতি পেলেও দেশে যথাযথভাবে সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে না, যার মূল কারণ প্রশাসনিক দুর্বলতা।

তরুণদের অশালীন মন্তব্য ও ভাইরাল প্রবণতা নিয়ে উদ্বেগ শিক্ষামন্ত্রীর