তামাক নিয়ন্ত্রণে কর বৃদ্ধির দাবি, তরুণদের সুরক্ষায় আলোচনা সভা
তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর নীতিনির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত হলো তামাকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের সুরক্ষায় তামাকজাত দ্রব্যে কর বৃদ্ধির প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন, মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি, মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।আয়োজক ছিল নারী মৈত্রী।আলোচনায় ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি বলেন, তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যের ওপর কার্যকর কর বৃদ্ধি এখন সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তার মতে, সহজলভ্য ও কমদামি তামাকপণ্যের কারণে তরুণরা ধূমপান ও তামাক ব্যবহারে ঝুঁকে পড়ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি।তিনি আরও বলেন, তামাক ব্যবহার জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশ সব ক্ষেত্রেই মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। হৃদরোগ, ক্যানসারসহ নানা অসংক্রামক রোগ বৃদ্ধির অন্যতম কারণ তামাক।তার মতে, তামাকপণ্যের মূল্য বৃদ্ধি ও কার্যকর কর আরোপই তামাক ব্যবহার কমানোর সবচেয়ে কার্যকর উপায়। এতে তরুণদের আসক্তি কমানো সম্ভব হবে এবং একটি সুস্থ, তামাকমুক্ত ভবিষ্যৎ গড়া সহজ হবে।
আসন্ন বাজেটে তামাকপণ্যের ওপর কার্যকর কর বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি জনস্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।