নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ১০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ।
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নে বৃষ্টি ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ইউনিয়ন পরিষদ। নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে ১০টি দরিদ্র পরিবারের মাঝে ২০ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়েছে।বাঘাব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব ঢেউটিন বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দুই বান্ডেল করে ঢেউটিন দেওয়া হয়।ঢেউটিন বিতরণ করেন বাঘাব ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. জলিল হোসাইন। এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আরিফ উদ্দিনসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা জানান, আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে ঘরের চাল মেরামত করতে পারছিলেন না তারা। ইউনিয়ন পরিষদের দেওয়া ঢেউটিন পেয়ে এখন ঘর সংস্কার করে নিরাপদে বসবাস করতে পারবেন।
বাঘাব ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জলিল হোসাইন বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ইউনিয়ন পরিষদের অন্যতম দায়িত্ব। প্রয়োজন বিবেচনা করেই এই সহায়তা দেওয়া হয়েছে।