বৃহস্পতিবার ঢাকায় আসছেন মার্কিন দূত সার্জিও গোর
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।সফরকালে সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি সরকারের কয়েকজন মন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।ঢাকা সফরের অংশ হিসেবে সার্জিও গোর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার এটিই প্রথম ঢাকা সফর বলে জানা গেছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর এবং বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ বাড়ার প্রেক্ষাপটে সার্জিও গোরের সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে, সফরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আঞ্চলিক ভারসাম্য ও চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশের পক্ষ থেকেও বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হতে পারে।