শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেন।শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন স্থানে পুনর্বাসন করতে হবে যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ও নিয়মিতভাবে ব্যবসা চালাতে পারেন। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।সিদ্ধান্ত অনুযায়ী, হকারদের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দের পাশাপাশি তাদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেওয়া হবে, যাতে রাজধানীতে হকার কার্যক্রম আরও শৃঙ্খলিত করা যায়।সম্প্রতি মিরপুর-১, মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকশ’ দোকান উচ্ছেদ করা হয়, যার ফলে অনেক হকার ক্ষতিগ্রস্ত হন। এছাড়া বৈঠকে স্কুল ও কলেজের সামনে যানজট কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত যানবাহন পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট স্কুল-কলেজের মাঠের একটি অংশ পার্কিং হিসেবে ব্যবহারের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর