ঢাকা-আরিচা মহাসড়কে তিন চাকার যানের দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে নিষিদ্ধ তিন চাকার যানবাহনের অবাধ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে। সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ছোট যানবাহনের কারণে মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা বেড়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা।সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের বিভিন্ন অংশে দূরপাল্লার বাস ও ট্রাকের পাশাপাশি দাপটের সঙ্গে চলাচল করছে তিন চাকার যানবাহন। ফলে দ্রুতগতির যানবাহনের সঙ্গে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।বৈধ যানবাহনের চালকরা জানান, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের উপস্থিতিতেও অনেক সময় অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহন মহাসড়কে চলাচল করছে। হঠাৎ এসব যান বড় গাড়ির সামনে চলে আসায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এতে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং প্রাণহানির ঘটনাও ঘটছে।দূরপাল্লার যানবাহনের নির্বিঘ্ন চলাচল ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে মহাসড়কে তিন চাকার নিষিদ্ধ যানবাহন সম্পূর্ণভাবে বন্ধের দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক, যাত্রী ও সচেতন নাগরিকরা।এ বিষয়ে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, মহাসড়ক থেকে তিন চাকার যানবাহন সরাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মামলা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তবে বিভিন্ন অজুহাতে চালকরা আবারও এসব যান নিয়ে মহাসড়কে উঠছেন।
তিনি আরও জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।