বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৮ বহুতল ভবন নির্মাণ করবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ১৮টি আধুনিক বহুতল আবাসন ভবন নির্মাণ করা হবে।বুধবার (১৩ মে) দুপুরে রাজধানীর দয়াগঞ্জস্থ পরিচ্ছন্নতা কর্মী নিবাস পরিদর্শন শেষে উপস্থিত কর্মী ও স্থানীয় সুধীজনের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বর্তমানে অনেক ভবনই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই পুরনো ভবন ভেঙে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসন নির্মাণ করা হবে। ভবন নির্মাণের আগে বাসিন্দাদের নিরাপদ বিকল্প আবাসনের ব্যবস্থাও করা হবে।মো. আবদুস সালাম জানান, মিরনজিল্লা, ধলপুর, গণকটুলি, দয়াগঞ্জ, ওয়ারী ও পোস্তগোলাসহ বিভিন্ন এলাকায় ১৮টি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ইতোমধ্যে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। আবাসন প্রকল্পে শিশুদের খেলার মাঠ ও উপাসনালয়ের ব্যবস্থাও রাখা হবে।কর্মীদের বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি গ্যাস বিল পরিশোধে ডিএসসিসির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়ে প্রশাসক বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পরিচ্ছন্নতা কর্মীদের বিশেষ পুরস্কার দেওয়া হবে।শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শুধু পরিচ্ছন্নতা কর্মীদের দিয়ে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। ড্রেন ও খালে ময়লা ফেলার কারণেই জলাবদ্ধতা তৈরি হয়। এ বিষয়ে নগরবাসীকে আরও দায়িত্বশীল হতে হবে।” পরিদর্শনকালে হামিদুর রহমান হামিদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১৮ বহুতল ভবন নির্মাণ করবে ডিএসসিসি