কোরবানির হাট ইজারায় বিএনপির আধিপত্য, বাড়ছে রাজনৈতিক লড়াই
ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাট ইজারা কার্যক্রমে এবার সবচেয়ে বেশি প্রভাব দেখা যাচ্ছে বিএনপি-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতায় মোট ২৬টি অস্থায়ী পশুর হাটের মধ্যে এখন পর্যন্ত ১৬টির ইজারা সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, অধিকাংশ হাটই গেছে বিএনপি ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণে।অন্যদিকে জামায়াত নেতাকর্মীরাও কয়েকটি হাটের ইজারা পেতে সক্রিয় থাকলেও এখন পর্যন্ত বড় সাফল্য পায়নি। নতুন রাজনৈতিক দল এনসিপির কয়েকজন নেতাও কিছু হাটের ইজারা পাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।ডিএসসিসির বিভিন্ন হাটে ইজারা নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনাও ঘটেছে। তবে বিএনপি নেতারা বলছেন, সর্বোচ্চ দরদাতারাই নিয়ম অনুযায়ী ইজারা পেয়েছেন। জামায়াত নেতাদের দাবি, ব্যবসা বৈধ হওয়ায় ইজারায় অংশ নেওয়ায় দলের কোনও বাধা নেই।এদিকে ডিএনসিসির এখন পর্যন্ত ইজারা হওয়া আটটি হাটের সবগুলোই বিএনপি-সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের দখলে গেছে। সবচেয়ে বেশি দর উঠেছে উত্তরা দিয়াবাড়ির বউবাজার এলাকার হাটে, যেখানে ইজারা মূল্য দাঁড়িয়েছে ১৪ কোটি ১৫ লাখ টাকা।
দুই সিটি করপোরেশনের তথ্যমতে, এখন পর্যন্ত ইজারা সম্পন্ন হওয়া ১৬টি হাট থেকে মোট আয় হয়েছে প্রায় ৪৭ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে ডিএনসিসির আটটি হাট থেকে এসেছে ২৪ কোটি ৪৬ লাখ টাকা এবং ডিএসসিসির আটটি হাট থেকে ২৩ কোটি ৪৪ লাখ টাকা আয় হয়েছে।