গোলাপবাগ-সায়েদাবাদে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
রাজধানীর গোলাপবাগ থেকে সায়েদাবাদ পর্যন্ত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।রোববার (২১ জুন) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানটি গোলাপবাগ এলাকা থেকে শুরু হয়ে সায়েদাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল। এ সময় রাস্তার উভয় পাশে ফুটপাত ও সড়কের ওপর অবৈধভাবে স্থাপিত বিভিন্ন দোকানপাট, অস্থায়ী স্থাপনা এবং দখলকৃত সামগ্রী উচ্ছেদ করা হয়।অভিযানের ফলে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত এবং যানবাহন চলাচলের জন্য সড়ক উন্মুক্ত ও পরিষ্কার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, জনস্বার্থে নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।