ঢাকা-৭-এর জলাবদ্ধতা দূর করতে চীনা প্রযুক্তি, ডিএসসিসির গুরুত্বপূর্ণ বৈঠক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জরাজীর্ণ ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধানে চীনা প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং একটি চীনা প্রতিনিধি দল অংশ নেন।বৈঠকে পুরান ঢাকার ভৌগোলিক বৈশিষ্ট্য ও ভূগর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় রেখে কীভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।চীনা প্রতিনিধি দল জলাবদ্ধতা নিরসনে উন্নত প্রযুক্তি, প্রকৌশলগত সমাধান এবং দীর্ঘমেয়াদি আধুনিক ড্রেনেজ ব্যবস্থার একটি প্রাথমিক রূপরেখা উপস্থাপন করে। একই সঙ্গে দ্রুত ও টেকসই সমাধান নিশ্চিত করতে বিভিন্ন কারিগরি পরামর্শও দেওয়া হয়।বৈঠকে ডিএসসিসি প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্য জনদুর্ভোগ কমাতে কয়েকটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের বিষয়ে একমত হন। দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।এ সময় চীনা প্রতিনিধি দলের প্রকৌশলী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।