দিনাজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
দিনাজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মোঃ সোহরাব হোসেন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় দিনাজপুর কোতয়ালী থানার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর গোশাইপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ জানায়, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল আলমের তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালে দশমাইল-টু-দিনাজপুর সরকারি কলেজগামী মহাসড়কের পাশে দিনাজপুর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন ভবনের সামনে সন্দেহভাজন সোহরাব হোসেনকে তল্লাশি করা হয়। এ সময় তার হাতে থাকা একটি কালো হাতব্যাগ থেকে দুটি প্লাস্টিকে মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়।প্যাকেট খুলে দেখা যায়, সেখানে ২০টি নীল জিপার পলিব্যাগে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরে ঘটনাস্থলেই ইয়াবাগুলো জব্দ করে সোহরাব হোসেনকে গ্রেফতার করা হয়।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি স্বীকার করেন, তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তার সঙ্গে জড়িত অন্য মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক পাচার, বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।