ঝিলওয়াঞ্জায় ডিজিটাল ভূমি জরিপের তসদিক শুরু, ভূমি মালিকদের জরুরি নির্দেশনা
কক্সবাজার সদর উপজেলার ১৭ নম্বর ঝিলওয়াঞ্জা মৌজার ডিজিটাল ভূমি জরিপ (ডিজিটাল সার্ভে) তসদিক কার্যক্রম সম্পর্কে ভূমি মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সচেতন করতে গণসংযোগ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অডিটোরিয়ামে দিয়ারা সেটেলমেন্ট অপারেশন, চট্টগ্রাম-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিয়ারা সেটেলমেন্ট অপারেশন, চট্টগ্রামের চার্জ অফিসার ও সার্কেল অফিসার হাসান।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাহমিনা আক্তার বলেন, ডিজিটাল ভূমি জরিপ ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, আধুনিক ও নির্ভুল করবে। তিনি ভূমি মালিকদের সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের মাধ্যমে তসদিক কার্যক্রম সফল করার আহ্বান জানান।বিশেষ অতিথি শারমিন সুলতানা বলেন, ডিজিটাল জরিপের মাধ্যমে ভবিষ্যতে ভূমি-সংক্রান্ত বিরোধ অনেকাংশে কমে আসবে। তিনি গুজবে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে নির্ধারিত সময়সূচি অনুযায়ী তসদিক কার্যক্রমে অংশ নেওয়ার পরামর্শ দেন।সভাপতির বক্তব্যে হাসান জানান, তসদিক কার্যক্রমে অংশ নিতে ভূমির মালিকদের খতিয়ান, দলিল, নামজারি, সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। তিনি ডিজিটাল জরিপের বিভিন্ন ধাপ, তথ্য যাচাই এবং রেকর্ড সংরক্ষণের প্রক্রিয়াও বিস্তারিতভাবে তুলে ধরেন।প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ভূমি মালিক ও অংশীজনরা উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তির রেকর্ড, তসদিকের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ভুল তথ্য সংশোধনের পদ্ধতি এবং নির্ধারিত তারিখে উপস্থিত হতে না পারলে করণীয় বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব প্রশ্নের উত্তর দিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।সভায় স্থানীয় ভূমি মালিক, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভা শেষে বক্তারা বলেন, ভূমি মালিকদের সক্রিয় সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে একটি নির্ভুল, আধুনিক ও বিরোধমুক্ত ভূমি রেকর্ড প্রস্তুত করা সম্ভব। এ লক্ষ্যে সবাইকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী তসদিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।