এনসিপির ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন, নেতৃত্বে আলাউদ্দীন
প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করেছে।মঙ্গলবার (৫ মে) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন-এর নির্দেশক্রমে এ সেল গঠনের তথ্য জানানো হয়।নবগঠিত সেলের প্রধান করা হয়েছে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ-কে। সেলের সদস্য হিসেবে রয়েছেন যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন, যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও সহ দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির প্রবাসভিত্তিক সংগঠন ‘ডায়াস্পোরা অ্যালায়েন্স’-এর কার্যক্রম তদারকি করবে এই নতুন সেল। ইতোমধ্যে ২৬টি দেশে এ সংগঠনের কমিটি গঠন করা হয়েছে এবং বিগত জাতীয় নির্বাচনে প্রচারণা ও অর্থ সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা।সংশ্লিষ্টরা জানান, আলাউদ্দীন মোহাম্মদ দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সেলের সহ-প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়িয়ে সংগঠনের ভেতরে নতুন দায়িত্ব গ্রহণ করেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অর্থনীতি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক, আইবিএ ও সমাজকল্যাণ ও গবেষণা বিভাগ থেকেও উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। পরবর্তীতে ভারতের নয়াদিল্লিতে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করে বর্তমানে মালয়েশিয়ায় আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ফিনটেক বিষয়ে পিএইচডি করছেন।