বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

ভোলায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার

ভোলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বোরহানউদ্দিন ও লালমোহন থানা পুলিশের যৌথ দল। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) ভোলার লালমোহন থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গত ১০ আগস্ট রাত আনুমানিক ২টা ৫৫ মিনিট থেকে ৩টা ৩৫ মিনিটের মধ্যে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাটামারা এলাকায় ব্যবসায়ী সৈয়দ আরাফাত রহমান চৌধুরী ও তার ছোট ভাই সৈয়দ আশিকুর রহমান চৌধুরীর বসতঘরে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়।ডাকাতরা দেশীয় অস্ত্র ও এসএস পাইপ নিয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে গামছা ও কাপড় দিয়ে হাত-মুখ বেঁধে রাখে। এরপর আলমারি ও সুকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ১১ লাখ ২৬ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দ আরাফাত রহমান চৌধুরী বাদী হয়ে ১০ আগস্ট বোরহানউদ্দিন থানায় মামলা করেন। মামলাটি বোরহানউদ্দিন থানার মামলা নম্বর-১০, ধারা ৩৯৫/৩৯৭, পেনাল কোড-১৮৬০।ঘটনার পর ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)-এর তত্ত্বাবধানে ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে।পরে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার মোঃ আমির হোসেন (৪৫), মোঃ মঞ্জু (৩৫) ও মোঃ হাসান (২১)-কে গ্রেপ্তার করা হয়।অভিযানে উদ্ধার করা হয়েছে ৬টি বালা, এক জোড়া কানের ঝুমকা, দুটি চেইন, দুটি আংটি, এক জোড়া ছোট কানের ঝুমকা, একটি চিকন চেইন এবং নগদ ৪ হাজার টাকা।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরির একাধিক মামলা রয়েছে। এছাড়া মোঃ মঞ্জুর বিরুদ্ধে ৬টি এবং মোঃ আমির হোসেনের বিরুদ্ধে ২টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ভোলায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার