রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ট্রেনে তাণ্ডবের অভিযোগ, বলিউড অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

ট্রেনের কামরায় রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) সদস্যদের ওপর হামলা, গালিগালাজ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বলিউড অভিনেত্রী অন্তরা ব্যানার্জিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ আগস্ট বান্দ্রা-গঙ্গানগর আরাবলি এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। শুটিংয়ের কাজে সুরাট যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।অভিযোগ অনুযায়ী, অন্তরার কাছে স্লিপার শ্রেণির টিকিট থাকলেও তিনি সংরক্ষিত এসি কামরায় উঠেছিলেন। এ নিয়ে এক যাত্রীর সঙ্গে তার বিরোধ হয়। পরে বিষয়টি টিকিট পরীক্ষক ও আরপিএফ সদস্যদের জানানো হয়।পুলিশের ভাষ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরপিএফ সদস্যরা এলে অন্তরা তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি রেজর ব্লেড বের করে ভয় দেখান এবং হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।মামলার নথিতে আরও বলা হয়েছে, এ সময় একজন আরপিএফ কর্মকর্তার ইউনিফর্ম ও মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ট্রেনের কামরায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, এতে অন্য যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন।পরে দাহানু স্টেশনে তাকে নামিয়ে সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) কাছে হস্তান্তর করা হয়। এরপর বোরিভালি রেলওয়ে পুলিশ তাকে হেফাজতে নেয়।পুলিশ জানিয়েছে, ঘটনার পর তার বিরুদ্ধে জননিরাপত্তা বিঘ্নিত করা, সরকারি কর্মচারীদের ওপর হামলা ও অপমানের অভিযোগে মামলা করা হয়। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান অন্তরা ব্যানার্জি। পুলিশের দাবি, টিকিট সংক্রান্ত বিরোধের কারণে তিনি মানসিকভাবে উত্তেজিত হয়ে এমন আচরণ করে থাকতে পারেন। তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ট্রেনে তাণ্ডবের অভিযোগ, বলিউড অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার