টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি অস্ত্রসহ ৭০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ-এ কোস্টগার্ডের বিশেষ অভিযানে একটি বিদেশি রাইফেল, ম্যাগাজিন, গুলিসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সোমবার (১১ মে) ভোরে লেদা খাল সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উক্ত এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানের সময় মাদককারবারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়। তাদের ধাওয়া করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রাইফেল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড তাজা গুলি এবং ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত অস্ত্র, গুলি ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং মাদকপাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।