টুঙ্গিপাড়ায় ভয়াবহ দুর্ঘটনা: মোটরসাইকেল-কাভার্ডভ্যান সংঘর্ষে নারী নিহত
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।শনিবার (১৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী সীমা সরকার (৪০)। আহত মোটরসাইকেল চালক মানিক সরকার (৩০)। তারা দুজন দেবর-বৌদি সম্পর্কের ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তারা মোটরসাইকেলে পিরোজপুরের নাজিরপুর থেকে বরিশালের গৌরনদীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে জোয়ারিয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে সীমা সরকার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মানিক সরকারকে স্থানীয়রা উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন।
এ ঘটনায় কাভার্ডভ্যান চালক শামীম শেখ (৩৫) কে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। তিনি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।