টাইপালংয়ে উত্তাল বিক্ষোভ: মায়ের মৃত্যু ঘিরে উখিয়ায় থমথমে পরিস্থিতি
কক্সবাজারের উখিয়ায় রাজনৈতিক উত্তেজনা ও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে ছৈয়দা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সন্তানকে বাঁচাতে গিয়ে তিনি ঘটনাস্থলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে মারা যান।শনিবার (১৬ মে) রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টাইপালং গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ছৈয়দা বেগম ওই এলাকার সাব্বির আহমদের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এর জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ও ‘রিঅ্যাক্ট’কে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদল এবং সংশ্লিষ্ট পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।অভিযোগ রয়েছে, পরে এক যুবককে আটক ও মারধরের সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আরও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় নিহতের ছেলে ও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মা ছৈয়দা বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন।তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি শারীরিক অসুস্থতায় মারা গেছেন। বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।উখিয়া থানার ওসি জানান, ঘটনার তদন্ত চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন না থাকলেও প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে ঘটনার প্রতিবাদে টাইপালং এলাকায় জানাজা শেষে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।