সৈয়দপুরে জামায়াত নেতা জয়নাল আবেদীনের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জয়নাল আবেদীন (৭৭) ইন্তেকাল করেছেন। শুক্রবার (১৯ জুন) বেলা ১২টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ শুক্রবার রাত ৯টায় বাঙালীপুর ইউনিয়নের খিয়ারপাড়া ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির উঠানে অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানাজায় নীলফামারী জেলা জামায়াতের আমীর অথবা সেক্রেটারি ইমামতি করবেন বলে জানা গেছে।জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দলীয় নেতাকর্মীদের মতে, অতীত বিভিন্ন রাজনৈতিক সময়ে তিনি হামলা, মামলা ও কারাভোগসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন।তার মৃত্যুতে জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি এলাকায় পরিচিত মুখ হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।