জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করবে সিআইডি
জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তিকে সরকারি সুবিধার চেক দেওয়ার কথা বলে অর্থ দাবি, মারধর, নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন-এর ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে জুলাইযোদ্ধা গিয়াস উদ্দিন এ আবেদন করেন।বাদীপক্ষের আইনজীবী ইয়ামিন মিয়া জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।মামলার আসামিদের মধ্যে রয়েছেন ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ সেবন্তীসহ আরও ১২ কর্মকর্তা-কর্মচারী।অভিযোগে বলা হয়, জুলাইযোদ্ধা হিসেবে গিয়াস উদ্দিন ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তার চেক নিতে গেলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। পরে তিনি বিষয়টি সংশ্লিষ্টদের জানালে তাকে ফাউন্ডেশনে গিয়ে চেক নেওয়ার আশ্বাস দেওয়া হয়।অভিযোগ অনুযায়ী, গত বছরের ৩ মে চেক নিতে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে গেলে তাকে জানানো হয়, ৩ লাখ টাকার চেক পেতে হলে ৫০ শতাংশ অর্থাৎ দেড় লাখ টাকা দিতে হবে।গিয়াস উদ্দিন এ অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাকে একটি কক্ষে নিয়ে মারধর করা হয় বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে তাকে কিল-ঘুষি ও লাথি মারা হয় এবং একপর্যায়ে দেয়ালে পড়ে মাথায় আঘাত পান বলেও অভিযোগ করা হয়।পরে আহত অবস্থায় তাকে ফাউন্ডেশনের লিফটের কাছে রেখে দেওয়া হয়। এরপর তার ছেলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।অভিযোগকারী জানান, ঘটনার পর থানায় মামলা করতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরে আদালতের শরণাপন্ন হন তিনি।
এখন আদালতের নির্দেশে অভিযোগের বিষয়টি তদন্ত করবে সিআইডি।