ভিডিও ভাইরাল হয়ে আলোচনায় উঠে আসে সংগ্রামী জীবনের গল্প
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সালমারা চরে মাত্র ১২ বছর বয়সে একা জীবন শুরু করে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে কঠিন সংগ্রামে টিকে আছেন তরুণ সুমন। নির্জন ও দুর্গম এই চরে শৈশব থেকেই তাকে প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়েছে।স্থানীয়দের মতে, ছোট বয়সেই পরিবার থেকে আলাদা হয়ে তিনি চরে বসবাস শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজের পরিশ্রমে গড়ে তোলেন স্বনির্ভর জীবন। প্রায় ১০ বিঘা জমিতে কৃষিকাজের পাশাপাশি গরু, ছাগল, হাঁস ও মুরগি পালন করে তিনি জীবিকা নির্বাহ করছেন।চরের প্রতিকূল পরিবেশ, একাকীত্ব ও যোগাযোগের সীমাবদ্ধতা সত্ত্বেও নিজের জীবন পরিচালনা করছেন তিনি। স্থানীয়রা তাকে অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল তরুণ হিসেবে চেনেন।পরবর্তীতে স্থানীয় ব্লগার সোহেল রানা চরে গিয়ে তার জীবনসংগ্রামের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়। এরপর থেকেই অনলাইনে তিনি সুমনের বাড়ি নামে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন।ভিডিও ভাইরাল হওয়ার পর তার জীবনসংগ্রাম ও টিকে থাকার গল্প অনেকের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।