সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে সরকারের বিরুদ্ধে শিবিরের অভিযোগ

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সরকার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের পথে এগিয়ে নিচ্ছে।সোমবার (৩ আগস্ট) সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই আপ রাইজিং রান ২০২৬ মিনি ম্যারাথন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘জুলাই মোদের ধমনীতে টগবগ করবে আমৃত্যু’ এবং ‘Run Against Fascism’ প্রতিপাদ্যে আয়োজিত এ ম্যারাথনের উদ্বোধন করা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাইয়ের চেতনা অনুযায়ী দেশের কাঠামোগত পরিবর্তন প্রয়োজন ছিল। বিচার বিভাগ, প্রশাসন, প্রতিরক্ষা বাহিনীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে পরিচালিত হবে, দুর্নীতি কমবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে—এটাই ছিল প্রত্যাশা।তিনি অভিযোগ করেন, জুলাইয়ের পর মূলত ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার বা কাঠামোগত পরিবর্তন দেখা যায়নি। তার দাবি, দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে।শিবির সভাপতি আরও বলেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ছাত্র-জনতা এ বিষয়ে সোচ্চার হবে। ক্যাম্পাসভিত্তিক জনমত তৈরির মাধ্যমে এ বার্তা সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি মো. মাজহারুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আয়োজকদের দাবি, এ ম্যারাথনে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ প্রায় দেড় হাজার অংশগ্রহণকারী অংশ নেন।ম্যারাথনের রুট ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জীববিজ্ঞান অনুষদ, মীর মশাররফ হোসেন হল, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া, ছাত্রী হলসমূহ, চৌরঙ্গী হয়ে আবার কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে সরকারের বিরুদ্ধে শিবিরের অভিযোগ