বিদ্যুতের দাম বাড়ায় মাঠে জামায়াত, বৃহস্পতিবার দেশজুড়ে বিক্ষোভ
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সিদ্ধান্তের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার (৪ জুন) রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।বুধবার (৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী।মিয়া গোলাম পরওয়ারের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপে থাকা মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ওপর নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি, অপচয় ও ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।বিবৃতিতে বলা হয়, বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ৭ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা ৩৯ পয়সা এবং খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সঞ্চালন চার্জও প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।জামায়াতের মতে, এই মূল্যবৃদ্ধির ফলে শিল্প, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে উৎপাদন ব্যয় বাড়বে এবং নিত্যপণ্যের দাম আরও ঊর্ধ্বমুখী হবে।বিবৃতিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে দেশের বিদ্যুৎ খাতে দুর্নীতি ও অপচয় বন্ধের আহ্বান জানানো হয়।
দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার দেশের সব মহানগরীতে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ঢাকায় বিকেল ৫টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।