বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ২০ লাখ টাকা চুরি, জামাইসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ঘর থেকে জমি বিক্রির গচ্ছিত ২০ লাখ টাকা চুরির অভিযোগে আপন বোনজামাইসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় সোমবার (১০ আগস্ট ২০২৬) রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন সামিউল হক মাহি (২১), যিনি ভুক্তভোগী পরিবারের আপন বোনজামাই এবং সাব্বির হোসেন নূর (২০), যিনি ঘটনায় সহযোগিতা করেছেন বলে অভিযোগ। তাঁরা দুজনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বটতলাহাট এলাকার বাসিন্দা।পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত ২০ জুন প্রবাসী রবিউল ইসলামের স্ত্রী খালেদার পরিবারের সদস্যরা একটি দাওয়াত অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির বাইরে যান। এ সময় স্টেশন এলাকায় প্রয়োজনীয় কাজের কথা বলে কৌশলে বাড়িতে ফিরে আসেন জামাই সামিউল হক মাহি।পরে বন্ধু সাব্বির হোসেন নূরকে সঙ্গে নিয়ে ঘরের তালা ভেঙে জমি বিক্রির রাখা ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ ওঠে। পুরো ঘটনার কিছু অংশ আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।অভিযোগ রয়েছে, টাকা চুরির পর আত্মগোপনে না গিয়ে সামিউল হক মাহি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে শাশুড়িকে উদ্দেশ্য করে বিভিন্ন হুমকিমূলক পোস্ট দেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, চুরির ঘটনায় মামলা দায়েরের পর এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, চুরিকৃত অর্থ উদ্ধার এবং ঘটনার বিস্তারিত জানতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ির ২০ লাখ টাকা চুরি, জামাইসহ গ্রেপ্তার ২