রাজধানীর জাতীয় প্রেসক্লাব এর জহুর হোসেন চৌধুরী হলরুমে ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৩ মে) সকাল ১১টায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রত্যাগত শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়।সমিতির সভাপতি কাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মিয়া আব্দুল হান্নান এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তারা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।সংবাদ সম্মেলনে সমিতির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রত্যাগতদের দাবির মধ্যে ছিল— জাতিসংঘের ক্ষতিপূরণের অর্থ দিয়ে কেনা গুলশান-বারিধারা এলাকার জমি ফেরত প্রদান, কিডনি হাসপাতাল ও আইটি সেন্টার নির্মাণে অগ্রগতি, প্রত্যাগতদের জন্য বিএমইটির স্বাক্ষরযুক্ত আইডি কার্ড প্রদান, ৩৩৪ জন দাবিদারের অর্থ ফেরতের তথ্য প্রকাশ, ৪৪৪ জন যুদ্ধবন্দীর ক্ষতিপূরণের হিসাব প্রকাশ এবং লেইট ক্লেইম আবেদনকারীদের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা।এছাড়া ইরাক ও কুয়েতে ফেলে আসা অর্থ ফেরত আনার ব্যবস্থা, বিভিন্ন কোম্পানির মাধ্যমে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাওনা আদায়, কুয়েত সরকারের ঘোষিত বেতন-ভাতা প্রদান, সোনালী ব্যাংকে জমা রাখা দিনারের বিনিময় মূল্য পরিশোধ এবং ভিজিলেন্স টিমে সমিতির প্রতিনিধিদের সম্পৃক্ত করার দাবিও জানানো হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এসব দাবি বাস্তবায়ন না হওয়ায় হাজার হাজার প্রত্যাগত শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।