শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

ছাতকে ব্যবসায়ী সমিতির সভাপতির ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থা

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জহির হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠি, রড ও লোহার পাইপ ব্যবহার করে তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে।স্থানীয় সূত্র জানায়, গোবিন্দগঞ্জ ইউনিয়নের কয়েকজন ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা ও কবরস্থানের জায়গা নিয়ে জহির হোসেনের বিরোধ চলছিল। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।হামলায় গুরুতর আহত জহির হোসেন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার অবস্থা সংকটাপন্ন।গোবিন্দগঞ্জ নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রতন সাহা বলেন, কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জের ধরে প্রকাশ্যে এই হামলা চালানো হয়েছে।এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাতকে ব্যবসায়ী সমিতির সভাপতির ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থা