জলবায়ু সুবিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে তরুণদের পদযাত্রা
জলবায়ু সুবিচার ও নবায়নযোগ্য শক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা করেছেন শতাধিক তরুণ জলবায়ু কর্মী।শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ কর্মসূচি নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “ন্যায্যতা ও নবায়নযোগ্য শক্তির পথে, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়ি একসাথে”। এসময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ‘ভুয়া সমাধান নয়, নবায়নযোগ্য শক্তি চাই’, ‘জীবাশ্মমুক্ত বাংলাদেশ চাই’ এবং ‘সৌর শক্তি বাড়াও, দূষণ কমাও’সহ নানা স্লোগান দেন।সমাবেশে বক্তব্য দেন ওয়ালিদ হাসান এবং জাহিদ হাসান। বক্তারা বলেন, নবায়নযোগ্য শক্তিকে অগ্রাধিকার না দিলে দেশের জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে।তারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও অর্থায়ন বন্ধের পাশাপাশি জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণের দাবি জানান। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সরকারি লক্ষ্য বাস্তবায়নে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান।বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে দেশে লোডশেডিং বাড়ছে, যার প্রভাব শিল্প, কৃষি ও পরিবহন খাতে পড়ছে।
আয়োজকরা জানান, বিশ্বব্যাপী ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশে ইউথনেট গ্লোবাল ও ফ্রাইডেজ ফর ফিউচার বাংলাদেশ এবং আয়াস বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। একই দিনে দেশের ৫০টি জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।