বুধবার, ০১ জুলাই ২০২৬
চেকপোস্ট

ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় জলবায়ু নিয়ে বিতর্ক প্রতিযোগিতা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।গত ২৮ জুন ২০২৬ (রবিবার) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। বিতর্কের বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক।বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীরা তথ্য, যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণ, এর বহুমাত্রিক প্রভাব এবং তা মোকাবিলায় ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ হলেও বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, জলাশয় রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির মতো স্থানীয় উদ্যোগ ছাড়া জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা অত্যন্ত কার্যকর। এর মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক মনোভাব বিকশিত হয়।বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বক্তাদের হাতে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা তুলে দেওয়া হয়। অতিথিরা এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতেও পরিবেশ ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ভুরুঙ্গামারী মহিলা দাখিল মাদ্রাসায় জলবায়ু নিয়ে বিতর্ক প্রতিযোগিতা