নলছিটিতে কান্ডপাশা-শংকরপাশা সড়ক এখন মৃত্যুফাঁদ, চরম দুর্ভোগে হাজারো মানুষ
নলছিটি পৌরসভার কান্ডপাশা বটতলা থেকে শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। একসময় কোনোভাবে হেঁটে চলাচল করা গেলেও সম্প্রতি অন্য একটি সড়কের নির্মাণকাজ এবং ব্যক্তিগত ইট পরিবহনের কারণে রাস্তাটির অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। এখন এটি কার্যত একটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া এবং অতিরিক্ত মালবোঝাই ডাইসু চলাচলের ফলে সড়কটির বিভিন্ন অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃদ্ধ, গর্ভবতী নারী, শিশু ও সাধারণ পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজার থেকে মাথায় করে বহন করতে হচ্ছে এলাকাবাসীকে, যা দিন দিন অসহনীয় হয়ে উঠছে।স্থানীয়দের অভিযোগ, অতীতে উন্নয়ন খাতে বিপুল অর্থ ব্যয় হলেও এই এলাকার মানুষ কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। জুলাই অভ্যুত্থানের আগ থেকেই সড়কটি সংস্কারের দাবিতে আন্দোলন ও একাধিক আবেদন করা হলেও এখনো কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।সাবেক প্রশাসক নজরুল ইসলাম ও লাভলী ইয়াসমিন সড়কটির সংস্কারে উদ্যোগ নিয়েছিলেন এবং সমাধানের পথও খুঁজে বের করা হয়েছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে তারা দুজনই বদলি হওয়ায় উদ্যোগটি বাস্তবায়নের আগেই থেমে যায়। ফলে তিন থেকে চারটি গ্রামের কয়েক হাজার মানুষ আজও চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।এলাকাবাসীর দাবি, স্থায়ী সংস্কারের আগে অন্তত বর্ষা মৌসুমের পূর্বে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করা হোক। একই সঙ্গে যে ঠিকাদারের নির্মাণকাজের কারণে সর্বশেষ সড়কটির ব্যাপক ক্ষতি হয়েছে, তার প্রতিও ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।