বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন, ২৬ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার চেলা নদীর শাখা চৈলতার ঢালা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।একই মামলায় আরও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর, আলমপুর ও কাজিরগাঁও এবং দোয়ারাবাজার উপজেলার সোনাপুর এলাকার পাশ দিয়ে প্রবাহিত চেলা নদীর শাখা থেকে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছিল।এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বাদী হয়ে ২১ জুলাই ছাতক থানায় মামলা করেন।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলায় ২৬ জনকে আসামি করা হয়েছে।মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন ইসলাম উদ্দিন মেম্বার (৫২), জমির আলী (৩৮), খালিক মিয়া (৪০), মাহমদ হোসেন (৫০) ও কয়সর আলী (৪৫)সহ আরও অনেকে।মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের অভিযোগের পর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।তদন্তে দেখা যায়, রাতের আঁধারে নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনের কারণে নদী, পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের অপরাধ বন্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন, ২৬ জনের বিরুদ্ধে মামলা