বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

‘চিকেনস নেক’ করিডরে ৪র্থ রেললাইন, বড় রেল পরিকল্পনা ভারতের

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরও শক্তিশালী করতে কৌশলগত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডরে চতুর্থ রেললাইন নির্মাণের অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (এনএফআর) জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের প্রবেশপথ হিসেবে গুরুত্বপূর্ণ মালদা-নিউ জলপাইগুড়ি রেল অংশের সক্ষমতা বাড়াতে নতুন এ উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি জানান, আগে প্রস্তাবিত তৃতীয় লাইনের পাশাপাশি এবার চতুর্থ রেললাইনেরও অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে ব্যস্ত এ রেল করিডরের যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা বাড়বে।এদিকে শিলিগুড়ির কাছে তিনমাই ঘাট থেকে বাগডোগরা পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার দীর্ঘ ডাবল-লাইন ভূগর্ভস্থ টানেল প্রকল্পের কাজও পরিকল্পনায় রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগে বড় পরিবর্তন আনতে পারে।এনএফআর কর্তৃপক্ষ জানায়, ‘চিকেনস নেক’ নামে পরিচিত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এই সংকীর্ণ ভূখণ্ডটি প্রায় ২০-২২ কিলোমিটার প্রশস্ত এবং ৬০ কিলোমিটার দীর্ঘ। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগের জন্য এই করিডর অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ ছাড়া বারসোই সেকশনে রেললাইন দ্বিগুণ করা, কাটিহার বিভাগে অবকাঠামো সম্প্রসারণ এবং সীমান্তসংলগ্ন এলাকায় যোগাযোগ উন্নয়নের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। এনএফআর আরও জানিয়েছে, জোগবানি, রাধিকাপুর ও বালুরঘাট থেকে লোকাল ট্রেন এবং গুয়াহাটির বাইরে তিনসুকিয়া ও আগরতলা পর্যন্ত দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেস চালুর পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে এনএফআর নেটওয়ার্কের শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে।

‘চিকেনস নেক’ করিডরে ৪র্থ রেললাইন, বড় রেল পরিকল্পনা ভারতের