ডেঙ্গু প্রতিরোধে জিগাতলায় যৌথ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি
ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর জিগাতলা স্টাফ কোয়ার্টারে যৌথ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে গণপূর্ত অধিদপ্তর ও কোয়ার্টারের বাসিন্দারা। পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ, মাইকিং, সাইনবোর্ড স্থাপন এবং ডাস্টবিন বিতরণের মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।দেশজুড়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।প্রধানমন্ত্রীর এই আহ্বানের ধারাবাহিকতায় শনিবার (২৭ জুন) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জিগাতলা, সোবহানবাগ ও কলাবাগানসহ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সরকারি স্টাফ কোয়ার্টার পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি কোয়ার্টারের বাসিন্দা ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করে নিজ নিজ বাসস্থান এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রতি সপ্তাহে অন্তত একদিন স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন। তিনি জানান, এ ধরনের উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সর্বাত্মক সহযোগিতা করবেন।কর্মসূচির অংশ হিসেবে জিগাতলা স্টাফ কোয়ার্টারে কোয়ার্টার কমিটি, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বাসিন্দাদের অংশগ্রহণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় মাঠে খেলতে থাকা শিশুরাও স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়।সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধবিষয়ক তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়। একই সঙ্গে কোয়ার্টারের প্রধান ফটকে নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন এবং মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সচেতন করা হয়।এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রম আরও সহজ ও নিয়মিত করতে কোয়ার্টার কমিটির কাছে প্রয়োজনীয় সংখ্যক ডাস্টবিন হস্তান্তর করেছে গণপূর্ত অধিদপ্তর।