ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ
দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ কিলোমিটার দৈর্ঘ্যের সরকার নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করেছে পুলিশ।সোমবার (১৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং এসআই সাইফুল ইসলাম।পুলিশ জানায়, অভিযানে বামনের কুঠি গ্রামের সাইফুর রহমানের ছেলে নুর নবী (৩৫)-এর বসতবাড়িতে মজুদ করে রাখা ৪২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় তিনি বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।জব্দ করা ৪২টি জালের মোট আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার বা ৩ কিলোমিটার। আইন অনুযায়ী জব্দ করা জালগুলো ধ্বংস করা হবে বলে জানিয়েছে পুলিশ।সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, চায়না দুয়ারি বা ম্যাজিক জাল দেশীয় মাছ ও জলজ প্রাণীর জন্য অত্যন্ত ক্ষতিকর। এ জালে ছোট-বড় সব ধরনের জলজ প্রাণী আটকা পড়ে, ফলে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে।তিনি আরও জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী চায়না দুয়ারি জালের উৎপাদন, আমদানি, সংরক্ষণ, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ। দেশীয় মাছের প্রজনন ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।