কোরবানির চামড়া সরকার নির্ধারিত দামেই বিক্রি হবে: ধর্মমন্ত্রী
এ বছর কোরবানির পশুর চামড়া সরকার নির্ধারিত দামেই বিক্রি হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণে আলেম-উলামার করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ধর্মমন্ত্রী বলেন, মৌসুমি ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি করতে পারবেন। এ ক্ষেত্রে অসাধু দালালদের দৌরাত্ম্য সহ্য করা হবে না।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকার চেষ্টা করে আসছে যাতে কোরবানির চামড়ার সঠিক মূল্য নিশ্চিত হয় এবং মাদরাসাগুলো এর সুফল পায়।প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, মাদরাসাগুলো যেন কোনোভাবেই বঞ্চিত না হয় এবং তাদের প্রতি কোনো অবিচার না করা হয়, সে বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, অতীতে অনেক সময় চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ায় মানুষ চামড়া ফেলে দিয়েছে কিংবা নষ্ট করেছে। এবার যাতে এমন পরিস্থিতি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।