চায়ের গরম পানিতে ঝলসে শিশুর মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-এ মর্মান্তিক দুর্ঘটনায় গরম পানিতে ঝলসে এক শিশুর মৃত্যু হয়েছে। খেলতে খেলতে মায়ের বসানো চায়ের পাতিলে টান দিলে ফুটন্ত পানিতে দগ্ধ হয়ে গুরুতর আহত হয় সে।নিহত শিশুর নাম হামিম বিন হোসেন (৫)। সে উপজেলার রায়পুর ইউনিয়নের মালিপাড়া এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ হোসেনের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির মা চা তৈরির জন্য চুলায় পানি বসিয়ে রাখেন। এ সময় খেলতে খেলতে হামিম পাতিলটি টেনে ফেললে ফুটন্ত পানি তার শরীরে পড়ে যায়।গুরুতর অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ নেওয়া হয়।সেখানে টানা ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার (২ মে) সকালে তার মৃত্যু হয়।
শিশুটির বাবা মোহাম্মদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। কিন্তু শেষ পর্যন্ত ছেলেকে বাঁচানো সম্ভব হয়নি।