সাতক্ষীরায় ঘের দখলের অভিযোগ, ভাই-ভাতিজার বিরুদ্ধে জিডি
সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামে পৈতৃক সম্পত্তি ও মাছের ঘের জবরদখল, নির্মাণাধীন প্রতিষ্ঠানে হামলার চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে।এ ঘটনায় ভুক্তভোগী মৃত মোজাম্মেল হকের ছেলে মো. আজহারুল ইসলাম ২৯ জুলাই সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডির নম্বর-১৮৮১।অভিযোগে আজহারুল ইসলাম উল্লেখ করেন, তার আপন বড় ভাই মো. নজরুল ইসলাম ও ভাতিজা রেজাউল করিম ওরফে লালটুর নেতৃত্বে একটি দল তার পৈতৃক সম্পত্তি দখল ও ভয়ভীতি প্রদর্শন করছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বল্লী গ্রামের একদল লোক নিয়ে নজরুল ইসলাম আজহারুল ইসলামের পৈতৃক সূত্রে পাওয়া একটি মাছের ঘের জোরপূর্বক দখল করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘেরে থাকা কয়েক লাখ টাকার মাছও নিয়ন্ত্রণে নেওয়া হয় বলে দাবি করেন ভুক্তভোগী।পরে আজহারুল ইসলামের নির্মাণাধীন মুড়ি মিলেও হামলা ও ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে।ভুক্তভোগী আজহারুল ইসলাম জানান, পৈতৃক সম্পত্তির ন্যায্য অংশ দাবি ও দখলে বাধা দেওয়ায় তাকে প্রকাশ্যে রাস্তায় মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর নজরুল ইসলামের ছেলে রেজাউল করিম ওরফে লালটু মোবাইল ফোনে কল করে তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেন।আজহারুল ইসলাম বলেন, “আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি জোরপূর্বক দখল করা হয়েছে। ঘেরের লাখ লাখ টাকার মাছ নিয়ে নেওয়া হয়েছে। প্রতিবাদ করায় আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি।”এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযুক্ত নজরুল ইসলামের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।