খালিশপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন খুলনাকে ‘গ্রিন ও ক্লিন সিটি’ হুইপ রকিবুল ইসলাম বকুল
খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল খালিশপুর রোটারি স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এই উদ্যোগটি দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।কর্মসূচির আওতায় খুলনা মহানগরীতে ১৮০ দিনের মধ্যে ৬০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খুলনা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনাকে একটি পরিবেশবান্ধব ‘গ্রিন সিটি’ ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণই সবচেয়ে কার্যকর উপায়।তিনি আরও বলেন, গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি জীববৈচিত্র্য রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই প্রতিটি গাছকে সন্তানের মতো যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে অতিথিরা পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং স্কুল প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।