শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

ভুরুঙ্গামারীতে ভাঙা রাস্তা সংস্কার, মাটি ভরাটে স্বস্তি এলাকাবাসীর

ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অবহেলিত ও বৃষ্টির পানিতে ক্ষতিগ্রস্ত কাঁচা সড়ক সংস্কারে মাটি ভরাট কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে সাময়িকভাবে চলাচলের সুবিধা ফিরে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা যায়, শিলখুড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ফজলুর রহমান (ফজলার)-এর ব্যক্তিগত উদ্যোগ এবং এলাকাবাসীর সহযোগিতায় ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাঁচা সড়কের ভাঙা ও কাদাযুক্ত অংশে মাটি ফেলা হয়।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কগুলোর উন্নয়ন না হওয়ায় বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীরা কাদা-পানির কারণে নিয়মিত যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছিলেন। অনেক সময় ছোট যানবাহন চলাচলও ব্যাহত হতো।স্থানীয়রা জানান, মাটি ভরাটের ফলে আপাতত চলাচল সহজ হয়েছে এবং কাদাযুক্ত অংশে দুর্ভোগ কিছুটা কমেছে। তবে তারা এটিকে স্থায়ী সমাধান মনে করছেন না। দ্রুত পাকা সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।উদ্যোগ সম্পর্কে মো. ফজলুর রহমান (ফজলার) বলেন, এলাকার মানুষের কষ্ট কাছ থেকে দেখেছি। তাই সামর্থ্য অনুযায়ী তাদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে সুযোগ পেলে ইউনিয়নের অবহেলিত সড়কগুলোর উন্নয়নে আরও কাজ করতে চাই।তিনি বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা ছাড়া গ্রামীণ অর্থনীতি ও সামাজিক উন্নয়ন সম্ভব নয়। তাই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ধারাবাহিক উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। পাশাপাশি তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্থায়ীভাবে সড়ক নির্মাণ ও টেকসই উন্নয়নের দাবি জানিয়েছেন।

ভুরুঙ্গামারীতে ভাঙা রাস্তা সংস্কার, মাটি ভরাটে স্বস্তি এলাকাবাসীর