শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

রাণীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও, আলোচনায় গোলাম রব্বানীর যাত্রা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে এক ব্যতিক্রমী কর্মজীবন যাত্রা নিয়ে। যে কর্মকর্তা একসময় এই উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনিই এখন একই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নিয়েছেন।নবনিযুক্ত ইউএনও গোলাম রব্বানী সরদার গত ২৭ জুলাই রাণীশংকৈলে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রথম পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি।জানা যায়, কর্মজীবনের শুরুতে শিক্ষা প্রশাসনের দায়িত্ব পালন করেন গোলাম রব্বানী সরদার। পরবর্তীতে মেধা, অধ্যবসায় ও পেশাগত দক্ষতার মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে নিজের অবস্থান তৈরি করেন। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেষে তিনি আবারও রাণীশংকৈলে ফিরেছেন, তবে এবার উপজেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে।স্থানীয়রা জানান, একই উপজেলায় তুলনামূলক নিম্নপদে দায়িত্ব পালনের পর সময়ের পরিক্রমায় সেই স্থানেই সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে ফিরে আসার ঘটনা খুব বেশি দেখা যায় না। এ কারণে তার এই কর্মজীবনের অগ্রযাত্রা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সচেতন মহলের মতে, গোলাম রব্বানী সরদারের এই সাফল্যের গল্প তরুণ প্রজন্ম ও সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য অনুপ্রেরণার। নিষ্ঠা, সততা ও পরিশ্রমের মাধ্যমে একজন কর্মকর্তা কীভাবে নিজের কর্মজীবনে উন্নতির শিখরে পৌঁছাতে পারেন, তার উদাহরণ এটি।

রাণীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও, আলোচনায় গোলাম রব্বানীর যাত্রা