বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
চেকপোস্ট

মুকসুদপুরে নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের পাঁচ দিন পর শহিদুল মাতুব্বর (৩৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।বুধবার (১০ জুন) বিকেলে মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পন্থাপাড়া এলাকার কাটাখাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শহিদুল মাতুব্বর মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আব্দুস সালাম মাতুব্বরের ছেলে।পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) শহিদুলের ছিনতাই হওয়া ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার সিন্দয়াঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার সূত্র ধরে বুধবার সকালে নিহতের প্রতিবেশী নূর হোসেন শেখ মাইকেল (৩৫) ও পলাশ শেখকে (৩৪) আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে।নিহতের ছোট ভাই সাহিদুল মাতুব্বর জানান, গত ৬ জুন সকাল ১০টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি শহিদুল। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় পরদিন মুকসুদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।তিনি অভিযোগ করে বলেন, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তার ভাইকে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ইজিবাইক উদ্ধারের পর দুইজনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মুকসুদপুরে নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক ২