শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

বাগেরহাটে গোদাড়ার খাল উদ্ধার, বন্ধ হলো দীর্ঘদিনের দখল

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিমডাঙ্গা গ্রামে অবস্থিত ‘গোদাড়ার খাল’ এলাকাবাসীর উদ্যোগে দখলমুক্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল খালটি দখল করে বাঁধ দিয়ে মাছ চাষ করছিল বলে অভিযোগ ছিল।শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় স্থানীয় প্রায় দুই শতাধিক মানুষের উপস্থিতিতে জীবতলা গেট থেকে শশিখালী গেট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ খালের বিভিন্ন অংশে দেওয়া বাঁধ অপসারণ করা হয়। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ পুনরায় চালু হয়।স্থানীয়দের অভিযোগ, খালে বাঁধ দেওয়ার কারণে জোয়ার-ভাটা বাধাগ্রস্ত হয়ে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কাও তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে একাধিক প্রভাবশালী মহল খালটি দখল করে রাখায় এলাকাবাসী ভোগান্তিতে ছিলেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী ষাটগম্বুজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সেক্রেটারি শেখ অয়েচকুরুনী বলেন, জনস্বার্থে খালটি উন্মুক্ত রাখা জরুরি। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে দখলমুক্ত করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় দখল রোধে প্রশাসনের নজরদারি প্রয়োজন।রাইজিং স্টার ইয়ুথ গ্রুপের সদস্য শেখ ইমরান বলেন, এলাকার অধিকাংশ খালই দখল হয়ে গেছে। খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে গেলে প্রভাবশালীদের হুমকির মুখে পড়তে হয়। সব খাল দখলমুক্ত করার দাবি জানান তিনি।স্থানীয় বাসিন্দা শেখ আলামিন বলেন, খালটি উন্মুক্ত থাকলে মাছ ধরা ও কৃষিকাজে বড় সুবিধা হবে এবং বর্ষায় জলাবদ্ধতা কমবে।বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মজুরুল হক রাহাদ বলেন, দীর্ঘদিনের দখল ও বাঁধের কারণে কৃষি ও পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিল। এলাকাবাসীর উদ্যোগ ও দাবির পরিপ্রেক্ষিতে খালটি দখলমুক্ত করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় দখল ঠেকাতে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাঁধ অপসারণের পর খালের পানি প্রবাহ স্বাভাবিক হয়েছে এবং এলাকায় স্বস্তি ও আনন্দ বিরাজ করছে। কৃষকরাও নতুন করে ফসল উৎপাদনে আশাবাদী হয়ে উঠেছেন।

বাগেরহাটে গোদাড়ার খাল উদ্ধার, বন্ধ হলো দীর্ঘদিনের দখল