গাড়ি বিক্রি করেও বিপদে মালিক বাড়বে কর, কড়া বার্তা বিআরটিএর
গাড়ি বিক্রি করার পরও অনেক পুরোনো মালিককে অতিরিক্ত কর ও আর্থিক দায় বহন করতে হচ্ছে। এ অবস্থায় মোটরযানের মালিকানা দ্রুত হস্তান্তরের আহ্বান জানিয়ে জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্ষেত্রে ক্রেতারা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। ফলে নিবন্ধন আগের মালিকের নামেই থেকে যাচ্ছে।এর ফলে বিক্রেতাকে অগ্রিম আয়কর, প্রযোজ্য ক্ষেত্রে ১৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জ পরিশোধের ঝুঁকিতে পড়তে হচ্ছে।গ্রাহকসেবা সহজ করতে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া আরও দ্রুত করেছে বিআরটিএ। এখন অনলাইনে আবেদন করার পর বিক্রেতার উপস্থিতিতে বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করে একই দিনেই মালিকানা হস্তান্তরের কার্যক্রম শেষ করা যাচ্ছে।নতুন মালিকও একই দিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় বায়োমেট্রিক তথ্য জমা দিতে পারবেন।বিআরটিএর অনলাইন পোর্টালের মাধ্যমে মালিকানা পরিবর্তনের আবেদন করা যায়। সংস্থাটি সংশ্লিষ্ট সকলকে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।