গাজীপুরে গার্মেন্টসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়।খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে কোনাবাড়ী থেকে একটি, গাজীপুর ফায়ার স্টেশন থেকে তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বর্তমানে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. হিরন মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের তিনটি ইউনিট কাজ করছে। পরে গাজীপুর, রাজেন্দ্রপুর ও কোনাবাড়ী থেকেও ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে আসে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।