বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

ভুরুঙ্গামারীতে সুপারি বাগানে বিশেষ কৌশলে গাঁজা চাষ, পুলিশের অভিযানে গাছ জব্দ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে একটি সুপারি বাগানের ভেতরে গোপনে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়েছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) পরিচালিত এ অভিযানে বাগান থেকে একাধিক গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় গোপনে মাদকজাতীয় গাছ চাষের তথ্যের ভিত্তিতে ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় সুপারি বাগানের ভেতরে তাপপ্রতিরোধী তারজালির বেষ্টনী দিয়ে ঘেরা একটি স্থানে গাঁজা গাছের সন্ধান পাওয়া যায়। পরে সেখানে থাকা একাধিক গাঁজা গাছ উপড়ে জব্দ করা হয়।স্থানীয়দের ভাষ্য, গাছগুলো এমনভাবে সুপারি বাগানের মধ্যে রোপণ করা হয়েছিল যাতে বাইরে থেকে সহজে নজরে না আসে। তাপপ্রতিরোধী জাল ব্যবহার করে গাছগুলোকে রোদ, বৃষ্টি ও বাইরের দৃষ্টি থেকে আড়াল করে পরিচর্যা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজা গাছগুলো থানায় নিয়ে জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, জমির প্রকৃত মালিক কে এবং গাঁজা চাষের সঙ্গে সংশ্লিষ্টদের পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় মাদক চাষ ও পাচার রোধে পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।ভুরুঙ্গামারী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এলাকায় গোপনে মাদক চাষ, সংরক্ষণ, পরিবহন ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুরুঙ্গামারীতে সুপারি বাগানে বিশেষ কৌশলে গাঁজা চাষ, পুলিশের অভিযানে গাছ জব্দ