রোববার, ০৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জে বাসে শার্টের নিচে ৬ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিন যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে দক্ষিণ সুনামগঞ্জ থানার সদরপুর গ্রামের ভাঙা ব্রিজসংলগ্ন এলাকায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অভিযান চালানো হয়।ডিএনসি, জেলা কার্যালয়, সুনামগঞ্জ ‘খ’ সার্কেলের কর্মকর্তারা সেখানে চেকপোস্ট বসিয়ে সিলেট থেকে সুনামগঞ্জগামী ‘সুরাব অ্যান্ড সামি এক্সপ্রেস’ বাসে তল্লাশি চালান।এ সময় বাসের ২৩, ২৪ ও ২৯ নম্বর আসনে থাকা তিন যাত্রীর শরীরের পেটের ওপর শার্টের নিচে কসটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের খাড়াজোড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আব্দুল হামিদ (৫৫), একই উপজেলার কালামন্ডল গ্রামের আব্দুল রশিদের ছেলে মো. বাতিন মিয়া (৪৩) এবং খাড়াজোড়া গ্রামের মৃত রহিম উদ্দিন তালুকদারের ছেলে মো. সফর আলী (৫০)।ডিএনসি জানিয়েছে, অভিযানে মোট ৬ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ১৯(খ) ও ৪১ ধারায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।মামলার বাদী ডিএনসির উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন।

সুনামগঞ্জে বাসে শার্টের নিচে ৬ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার