হবিগঞ্জে বিজিবির তিন অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় টমেটো ও গাঁজা জব্দ
হবিগঞ্জে পৃথক তিনটি অভিযানে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ভারতীয় টমেটো ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় এসব অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জুলাই) হবিগঞ্জ ব্যাটালিয়নের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে পৃথক দুটি অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন দুটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে ট্রাক দুটির ক্যারেটের মধ্যে ভারত থেকে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ অবৈধ টমেটো পাওয়া যায়। সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে এসব টমেটো পরিবহন করা হচ্ছিল বলে জানায় বিজিবি। পরে প্রায় ১০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের টমেটো জব্দ করা হয়।এদিকে একই দিন ভোর ৫টার দিকে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গুইবিল বিওপির টহলদল নলুয়া চা-বাগান এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় রাখা একটি সন্দেহজনক বস্তা তল্লাশি করে ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক মূল্য ৫২ হাজার টাকা।বিজিবি জানিয়েছে, জব্দ করা ভারতীয় টমেটো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে এবং উদ্ধার হওয়া গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।হবিগঞ্জ ৫৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সকলের সহযোগিতা কামনা করেছে।