জেলা পরিষদের উদ্যোগে ২০ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে গরু বিতরণ
জয়পুরহাটের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে জেলা পরিষদের উদ্যোগে ২০ জনের মাঝে উন্নত জাতের গাভী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে সনদপত্র।মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গরু ও সনদপত্র বিতরণ করা হয়।জয়পুরহাট জেলা পরিষদের অর্থায়নে এবং কালাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ ও গাভী পালন বিষয়ক এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে একটি করে উন্নত জাতের গাভী ও সমাপনী সনদপত্র তুলে দেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান এবং জেলা কৃষক দলের সদস্যসচিব কাজী মনজুরে মওলা পলাশ।প্রধান অতিথি বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা এবং তাদের জীবনমান উন্নয়নে জেলা পরিষদ নানা উদ্যোগ গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তিনির্ভর গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ ও গাভী বিতরণের মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।