বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জে অভিবাসন সচেতনতায় সাংবাদিকদের নিয়ে বিশেষ কর্মশালা

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশেষ কর্মশালা। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সামাজিক সংগঠন সুনামগঞ্জ জনউদ্যোগের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।কর্মশালায় ব্র্যাকের মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম জানান, দেশে পর্যাপ্ত কর্মসংস্থান না থাকায় প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ বিদেশমুখী হচ্ছেন। গত দুই দশকে শুধু সুনামগঞ্জ থেকেই বৈধভাবে ২ লাখ ৩ হাজার ৩৭৫ জন শ্রমিক বিদেশে গেছেন। তবে অনিরাপদ অভিবাসনের কারণে প্রতিবছর বহু মানুষ নিখোঁজ ও মৃত্যুর শিকার হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।তিনি জানান, ২০২৪ সালে বাংলাদেশ থেকে ১৮ হাজারের বেশি এবং ২০২৫ সালে ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশ করেছেন। ইউরোপগামী পথে গত বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ বা নিহত হয়েছেন।সুনামগঞ্জ জনউদ্যোগের সিনিয়র সদস্য সুখেন্দু সেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুর রহমান আসাদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল। তিনি বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দালালচক্রের প্রতারণা সম্পর্কে মানুষকে সচেতন করতে এবং বৈধ উপায়ে বিদেশ গমনের তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, শুধু অভিবাসনের পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার দিকেও গুরুত্ব দিতে হবে, যাতে দেশে কর্মসংস্থান তৈরি হয়। কর্মশালায় আরও বক্তব্য দেন বিভিন্ন গণমাধ্যমের জেলা প্রতিনিধিরা।

সুনামগঞ্জে অভিবাসন সচেতনতায় সাংবাদিকদের নিয়ে বিশেষ কর্মশালা