চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরকে ‘হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বক্তারা।মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনরা অংশ নেন।বক্তারা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, স্টাফ রিপোর্টার সালেহ কায়সার এবং বগুড়া জেলা প্রতিনিধি শামস মাহমুদ তুষারের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে।তাদের দাবি, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের টার্গেট করে এ মামলা দায়ের করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক।মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব হলো জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য জনগণের সামনে তুলে ধরা। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রবণতা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক ইয়াসিন মাহমুদ, সোহাগ মোল্লা, হারুন আল রশীদ, খ.ম. জায়েদ হোসেন, সজিব হাসান, সিরাজ, কিবরিয়া, নুরুল হুদা, ইসমাইল, আরিফসহ স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বক্তারা অবিলম্বে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।