শুক্রবার, ১৯ জুন ২০২৬
চেকপোস্ট

রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩ শিক্ষার্থী

রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত রাকিবুল হাসান রকি (৩২) রাজশাহী নগরের হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ এলাকার চারু মামার ক্যান্টিনের সামনে চুরির সন্দেহে রাকিবুল হাসানকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে মারধর করা হয়। এতে তার দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে।একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় শুক্রবার সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত তথ্য পরবর্তীতে নগর পুলিশের মিডিয়া শাখা থেকে জানানো হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।স্থানীয়দের মতে, আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন ঘটনা উদ্বেগজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩ শিক্ষার্থী